জবিতে বসুন্ধরা টিস্যু-শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
ডেইলি সান রিপোর্ট, জবি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:১৬ পিএম
সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্য নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ। ছবি: ডেইলি সান
‘সবুজে সুন্দর আগামী’ প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা সবুজ ক্যাম্পাস গড়ার অঙ্গীকার করেন।
মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সোনালু, জারুল, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, আম, কাঁঠাল, নিমসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিবেশবান্ধব ও সবুজ চত্বরে পরিণত করতে বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার্থীদের এ ধরনের সচেতনতামূলক ও সামাজিক কার্যক্রম পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য ইতিবাচক বার্তা বহন করে। প্রশাসন সব সময় বসুন্ধরা শুভসংঘের পাশে থাকবে এবং রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করবে।
বসুন্ধরা শুভসংঘের সাবেক সভাপতি মো. জুনায়েত শেখ বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ আয়োজনকে প্রাণবন্ত করেছে। বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং সবুজ ও নির্মল ক্যাম্পাস গড়ার অঙ্গীকার। তিনি বলেন, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বসুন্ধরা শুভসংঘের জবি শাখার সদস্য জান্নাতুল মাওয়া লিশা বলেন, দেশের পরিবেশকে সবুজ রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। ক্যাম্পাসে গাছ যেমন পরিবেশকে সুন্দর করে, তেমনি সেগুলোর পরিচর্যা করাও সবার দায়িত্ব এবং আনন্দের।
শুভসংঘের আরেক সদস্য তৌফিক হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে, সেটিই তাদের প্রত্যাশা। ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বসুন্ধরা শুভসংঘ এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম চালিয়ে যাবে।
কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুভসংঘের সদস্য রুপা, বিথি, রিতু রায়, তৌহিদ হেসেন, আলী কাজী, রোকন হোসেন, সামিয়া আক্তার, রোকেয়া আক্তার, আয়েশা আক্তার, তহমিনা এবং সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।