জয়পুরহাট
দিনমজুরদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের বৈশাখ উদযাপন
সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়াই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এবার নববর্ষের উৎসব উদযাপিত হলো একটু ভিন্নভাবে। খেটে খাওয়া দিনমজুরদের সঙ্গে একই পাতে বসে বাংলা নববর্ষ উদযাপন করেছে বসুন্ধরা শুভসংঘের আক্কেলপুর উপজেলা শাখা।
শুক্রবার (১৭ এপ্রিল) আয়োজিত এই অনুষ্ঠানে দিনমজুরদের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে গ্রামীণ ঐতিহ্যবাহী হাড়িভাঙা খেলায় মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। দিনমজুরদের প্রাণবন্ত অংশগ্রহণে খেলাটি পুরো আয়োজনে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। এরপর সবাই একসঙ্গে বসে পান্তাভাত, আলু ভর্তা ও মাছ ভাজার ঐতিহ্যবাহী বৈশাখী খাবার উপভোগ করেন।
আয়োজকরা জানান, সমাজের অবহেলিত ও পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়াই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন সামাজিক বন্ধনকে আরও মজবুত করে এবং উৎসবের আনন্দকে সর্বস্তরে ছড়িয়ে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি মওদুদ আহমেদ, সাধারণ সম্পাদক শাদমান হাফিজ শুভ, প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, নির্মাণ শ্রমিক নেতা মুসলিম উদ্দিন।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দিনমজুরদের সঙ্গে এমন আয়োজন বিশেষ আনন্দের এবং এটি সমাজে ইতিবাচক বার্তা বহন করে।
নির্মাণ শ্রমিক নেতা মুসলিম উদ্দিন বলেন, দিনমজুররা অবহেলিত শ্রেণির লোক। তাদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের এমন আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয় এবং অংশগ্রহণকারীদের মুখে ছিল আনন্দের হাসি।