নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার উপহার
ডেইলি সান রিপোর্ট, নওগাঁ
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম
নওগাঁর জহির রায়হান চলচ্চিত্র সংসদকে ৪০ লিটার ধারণক্ষমতার একটি পানির ফিল্টার উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটির নওগাঁ জেলা কমিটির উদ্যোগে এই ফিল্টার প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় নওগাঁ শহরে জহির রায়হান চলচ্চিত্র সংসদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফিল্টারটি তুলে দেওয়া হয়। এ সময় বসুন্ধরা শুভসংঘ নওগাঁ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সরদার সালাউদ্দীন মিন্টু, উপদেষ্টা জাহিদ রাব্বানী রশীদ, সহসভাপতি রাবেয়া খাতুন বেলী ও আজাদ হোসেন মুরাদ, সহসাধারণ সম্পাদক দেওয়ান জেসমিন চন্দ্রময়ী স্বপ্ন এবং মহিলা বিষয়ক সম্পাদক শাহীনা আক্তার ইরিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া জহির রায়হান চলচ্চিত্র সংসদের উপদেষ্টা হাসমত আলী, সহসভাপতি মোস্তাফিজুর রহমান ও সুবল চন্দ্র মণ্ডল, সাধারণ সম্পাদক রহমান রায়হান, সহসাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, নির্বাহী সদস্য আরিফ উদ্দিন আহমেদ, হাফিজুর রহমান নাহিদ, শাহান্ত চৌধুরী ও আতাউর রহমান বাবলুসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক রহমান রায়হান বলেন, মফস্বল শহরে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত শিল্পীরা অনেক সময় অবহেলিত থাকেন। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ তাদের জন্য উৎসাহব্যঞ্জক। তিনি বলেন, সংগঠনটিকে দেওয়া পানির ফিল্টারটি তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এজন্য বসুন্ধরা পরিবার ও বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি আরও আশা প্রকাশ করেন, বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকবে।