EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

গাইবান্ধায় বসুন্ধরা শুভসংঘের ইফতারসামগ্রী বিতরণ

ডেইলি সান রিপোর্ট, গাইবান্ধা

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৭ পিএম

গাইবান্ধায় বসুন্ধরা শুভসংঘের ইফতারসামগ্রী বিতরণ

ছবি: সংগৃহীত

অ অ

পবিত্র রমজান মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে গাইবান্ধা জেলা বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে স্থানীয় সুরবানী সংসদ কার্যালয়ে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনাসভা শেষে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা শহরের ডিবি রোড ও সংলগ্ন এলাকায় ঘুরে রমজানে কষ্টে থাকা প্রায় ৪০ জন অসহায় নারী-পুরুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেন।

ডিবি রোড এলাকায় এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।

এ সময় তার সঙ্গে বসুন্ধরা শুভসংঘের সদস্যদের পাশাপাশি গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা এবং দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকার বাসিন্দা রাবেয়া খাতুন (৪০) জানান, কৃষি শ্রমিক স্বামীসহ চার সদস্যের পরিবারে বর্তমানে প্রায় সবাই বেকার। রমজানে সেহরি ও ইফতারের ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে।

সামনে ঈদ থাকলেও নতুন পোশাক তো দূরের কথা, একবেলা ভালোভাবে খাবারের ব্যবস্থাও করা কঠিন হয়ে পড়েছে। শুভসংঘের দেওয়া ইফতার প্যাকেট পেয়ে তিনি উপকৃত হয়েছেন বলে জানান।

এদিকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নৈশ প্রহরী গোলজার রহমান (৬৭) বলেন, পুরো রমজানে রোজা রাখতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়েছে এবং তেমন কোনো সাহায্যও পাননি। শুভসংঘের সদস্যদের কাছ থেকে ইফতার সামগ্রী পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, তাদের জন্য তিনি দোয়া করবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের নানা মানবিক কার্যক্রমের সঙ্গে তিনি পরিচিত। রমজানে ইফতার বিতরণের এই উদ্যোগ তাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের সঙ্গে যুক্ত শুভসংঘের কাছ থেকে তরুণ সমাজের অনুপ্রাণিত হওয়ার মতো অনেক কিছু রয়েছে।’

জেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আহসানিয়া তাসনিম স্নিগ্ধা বলেন, ‘রমজানে কর্মহীন ও অসহায় মানুষ যাতে অন্তত একবেলা ভালোভাবে ইফতার করতে পারেন, সে লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে প্রকৃত অসহায় মানুষের হাতে ইফতার প্যাকেট তুলে দেওয়া হয়েছে।

’

এর আগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় জেলা বসুন্ধরা শুভসংঘের সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা শুভসংঘের সভাপতি আহসান আজিম প্রধান, সাদুল্যাপুর উপজেলা শুভসংঘের সভাপতি এ. জে. আশিক শাওন, সাঘাটা উপজেলা শুভসংঘের সভাপতি নাহিদুল ইসলাম এবং গাইবান্ধা জেলা কমিটির সদস্য লিজা সরকার।

আরও পড়ুন