গোপালগঞ্জে প্রতিবন্ধী রিকশাচালক পেলেন বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা
‘শুভসংঘের পক্ষ থেকে চাল, ডাল, তেল ও শাকসবজিসহ ১৫ দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।’
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম
ছবি: সংগৃহীত
পবিত্র রমজানে চরম অর্থকষ্টে থাকা গোপালগঞ্জ সদর উপজেলার কাজির বাজার গ্রামের রিকশাচালক শাহজাহান ফরিদীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সরকারি আশ্রয়ণ প্রকল্পে তাঁর বাড়িতে গিয়ে ইফতার ও সেহরির জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন শুভসংঘের জেলা শাখার সদস্যরা।
সাত সদস্যের অভাবের সংসারে শাহজাহান ফরিদীর দুই ছোট ছেলে হাবিব (৫) ও নওশাদ (৩) শারীরিক প্রতিবন্ধী। তাদের দৈনিক ওষুধের পেছনে প্রায় ২০০ টাকা ব্যয় হয়। অন্যদিকে বৃদ্ধা মায়ের চিকিৎসা ব্যয়ও কম নয়। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় প্রতিনিয়ত অর্থকষ্টের মধ্যেই দিন কাটছে তার পরিবারের।
খাদ্য সহায়তা পেয়ে শাহজাহান ফরিদী বলেন, ‘প্রতিবছর রোজা এলে মানুষ ভালো ভালো খাবার খায়, কিন্তু আমাদের রিকশার ভাড়া কমে যায়। স্কুল-কলেজ বন্ধ থাকায় যাত্রীও কম থাকে। তাই ঠিকমতো বাজার করতে পারি না। আজ বসুন্ধরা যে সহায়তা করলো, তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।’
তার সহধর্মিণী বেগম লতিফা খানম বলেন, ‘আমার দুইটা ছেলে প্রতিবন্ধী। ওরা কয়েকদিন ধরে আলুর চপ, বেগুনি আর পেঁয়াজি খেতে চাচ্ছিল। আজ আপনারা যেগুলো দিলেন, সেগুলো দিয়ে ইফতারি বানাবো। বসুন্ধরার সবার জন্য দোয়া করবো।’
বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ১৫ দিনের জন্য চাল, ডাল, তেল, ছোলা, মুড়ি, খেজুর, গুঁড়া দুধ, সেমাই, নুডলস এবং আলু-পেঁয়াজসহ প্রয়োজনীয় সব ধরনের সবজি ও নিত্যপণ্য প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা শুভসংঘের সভাপতি সুজন দাস, সহ-সভাপতি আশিকুর রহমান, রাজিব মোল্লা, মিমি বালা, যুগ্ম সাধারণ সম্পাদক জীবানন্দ ঠাকুর, কার্যকরী সদস্য বিপ্রজিৎ, হাবিবা, মাহফুজসহ অন্যান্য সদস্যরা।
সভাপতি সুজন দাস বলেন, ‘রমজান মাসে প্রতিবছর বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’