সিংড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
শীতের কড়া ঠান্ডায় উষ্ণ কাপড়ের অভাবে অনেক পরিবার কষ্টে দিন কাটাচ্ছিল
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
ছবি: সংগৃহীত
নাটোর জেলার সিংড়া উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতকালীন উপহার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ সিংড়া উপজেলা শাখা।
শীতের কড়া ঠান্ডায় উষ্ণ কাপড়ের অভাবে অনেক পরিবার কষ্টে দিন কাটাচ্ছিল, তখন এই উদ্যোগ তাদের জীবনে স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে এসেছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ সিংড়া উপজেলা শাখার সভাপতি রবিউল করিম খোকন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের সিংড়া উপজেলা প্রতিনিধি মোল্লা মো. এমরান আলী রানা, উপদেষ্টা মিজানুর রহমান রুবেল, সহ-সভাপতি জাকারিয়া মাসুদ, সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন কাফি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদ, ইভেন্ট সম্পাদক মাহফুজুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, ক্রীড়া সম্পাদক আল জামি (রোহা), সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল রোহান এবং অন্যান্য সদস্যরা।
সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন কাফি বলেন, শীতের এই উপহার শুধুমাত্র কম্বল বা পোশাক নয়। এটি মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি এবং পাশে দাঁড়ানোর প্রতীক। তরুণদেরকে সামাজিক দায়িত্বে সম্পৃক্ত করে বসুন্ধরা শুভসংঘ যে স্বেচ্ছাসেবামূলক কাজ করছে, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক উদাহরণ হিসেবে থাকবে।
সভাপতি রবিউল করিম খোকন বলেন, শীতের কষ্ট সবচেয়ে বেশি অনুভব করেন নিম্ন আয়ের মানুষরা।
আমাদের এই ছোট্ট উদ্যোগ যদি তাদের কিছুটা স্বস্তি দিতে পারে, সেটিই আমাদের বড়ো অর্জন। বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে। শীত, বন্যা, দুর্যোগ কিংবা অন্য কোনো সংকট—যে-কোনো পরিস্থিতিতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
এসময় উপকারভোগীরা শীতবস্ত্র পেয়ে বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।