EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

মানিকগঞ্জ

শিশু-কিশোরদের মোবাইল আসক্তি দূর করতে শুভসংঘের ক্রীড়া ক্যাম্পেইন

মোবাইলের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম

শিশু-কিশোরদের মোবাইল আসক্তি দূর করতে শুভসংঘের ক্রীড়া ক্যাম্পেইন

ছবি: সংগৃহীত

অ অ

শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে আনতে মানিকগঞ্জে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে খেলাধুলা ও শরীরচর্চা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৪ জানুয়ারি) মানিকগঞ্জ শহরের শিশু-কিশোরদের অংশগ্রহণে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে খেলাধুলা ও শরীরচর্চার উপকারিতা বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

বর্তমান যুগে প্রযুক্তির সহজলভ্যতার কারণে শিশু-কিশোরদের একটি বড় অংশ অবসর সময় কাটাচ্ছে মোবাইল ফোন ও অনলাইন গেমসে আসক্ত হয়ে। মাঠে খেলাধুলা, দৌড়ঝাঁপ ও শরীরচর্চার পরিবর্তে তারা ঘরে বসে ভার্চুয়াল জগতে সময় ব্যয় করছে, যা তাদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং সামাজিক আচরণের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। 

শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে এবং সুস্থ জীবনধারার গুরুত্ব তুলে ধরতে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করে বসুন্ধরা শুভসংঘ মানিকগঞ্জ জেলা শাখা।

ক্যাম্পেইনের শুরুতেই শিশু-কিশোরদের নিয়ে বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম ও খেলাধুলা আয়োজন করা হয়। এর মধ্যে ফুটবল খেলা, দৌড় প্রতিযোগিতা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজসহ নানা ক্রীড়া কার্যক্রম ছিল। মাঠভর্তি শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হাসান শিকদার, সাধারণ সম্পাদক মীর নাইমুর রহমান প্লাবন, সহ-সভাপতি জহিরুল ইসলাম তুষার, অসীম খান, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আশিক, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাহমিনা আফরিন মোহনা, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাসনিম ইসলাম রোজা সহ আরও অনেক সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি মানসিক চাপ কমায়, ‘মনোযোগ বৃদ্ধি করে এবং শৃঙ্খলাবোধ ও দলগত মনোভাব গড়ে তোলে। অপরদিকে অতিরিক্ত মোবাইল ব্যবহার শিশুদের চোখের সমস্যা, স্থূলতা, মানসিক অবসাদ এবং একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছে।’

বসুন্ধরা শুভসংঘ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হাসান শিকদার বলেন, ‘আজকের শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে গড়ে তুলতে হলে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। মোবাইল ও অনলাইন নির্ভরতা কমিয়ে শিশুদের মাঠমুখী করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

ক্যাম্পেইন চলাকালে শিশু-কিশোরদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের দৈনন্দিন জীবনে কীভাবে সময় ভাগ করে পড়াশোনা, খেলাধুলা ও বিনোদন করা যায় সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অভিভাবকদেরও শিশুদের মোবাইল ব্যবহারে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোররা জানায়, ‘দীর্ঘদিন পর মাঠে এসে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে পেরে তারা খুব আনন্দিত। অনেকেই বলেন, মোবাইল গেমের চেয়ে মাঠের খেলায় আনন্দ অনেক বেশি এবং তারা ভবিষ্যতেও নিয়মিত খেলাধুলা করতে আগ্রহী।’

স্থানীয় অভিভাবকরা বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘বর্তমান প্রজন্মকে প্রযুক্তির অপব্যবহার থেকে রক্ষা করতে এ ধরনের কার্যক্রম সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়।’

অভিভাবকরা আশা প্রকাশ করে বলেন, ‘এ ধরনের আয়োজন নিয়মিত হলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক পরিবর্তন আসবে।’

বসুন্ধরা শুভসংঘ মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, সমাজের শিশু-কিশোরদের সুস্থ, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় খেলাধুলা, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আরও পড়ুন