EN ☀️
×

Follow Us

বাণিজ্য

এলডিসি উত্তরণের পর ব্যাংকিং ও ব্যবসা খাতে নতুন চ্যালেঞ্জ: আমিরুল হক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম

এলডিসি উত্তরণের পর ব্যাংকিং ও ব্যবসা খাতে নতুন চ্যালেঞ্জ: আমিরুল হক

ছবি: সংগৃহীত

অ অ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের ব্যাংকিং খাত ও ব্যবসায়ী সমাজকে নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ কৌশল প্রণয়ন ও বাস্তবায়নে সরকারের সঙ্গে ব্যবসায়ী সমাজ একযোগে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রামে ‘এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিরুল হক এসব কথা বলেন।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব কর্মশালাটি পরিচালনা করেন।

আমিরুল হক বলেন, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশকে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিশেষ করে ব্যাংকিং খাত ও ব্যবসায়ী সমাজের জন্য নতুন বাস্তবতা তৈরি হবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় কৌশল নির্ধারণে ব্যবসায়ী সমাজ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়।

তিনি আশা প্রকাশ করেন, কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারীরা এলডিসি উত্তরণ-পরবর্তী আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের চ্যালেঞ্জ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছেন। একই সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কেও তাঁরা ধারণা পেয়েছেন।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি।

আইসিসি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আতাউর রহমান কর্মশালায় কর্মকর্তাদের মনোনয়ন দেওয়ায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ধন্যবাদ জানান। পাশাপাশি নিজেদের কয়েকজন গ্রাহককে কর্মশালায় অংশগ্রহণের জন্য মনোনয়ন দেওয়ায় ইস্টার্ন ব্যাংক ও প্রাইম ব্যাংককেও ধন্যবাদ জানান তিনি।

কর্মশালায় ১৯টি ব্যাংকের মোট ৬৩ জন কর্মকর্তা ও প্রতিনিধি অংশ নেন। তাঁদের মধ্যে ইস্টার্ন ব্যাংক ও প্রাইম ব্যাংকের ১২ জন গ্রাহকও ছিলেন।

আরও পড়ুন