রমজানে নিত্যপণ্যের সরবরাহে সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, সিলেট
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ এএম
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ভালো থাকবে। ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশা করছে সরকার। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ভোজ্যতেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজার ও আমদানির উৎসস্থলে দাম বেড়েছে। এ কারণে দেশের বাজারে তেলের দাম সমন্বয় করতে হয়েছে।
তিনি বলেন, সয়াবিন ও পাম অয়েল বাংলাদেশে উৎপাদিত হয় না। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম বাড়লে দেশের বাজারেও প্রভাব পড়ে। আবার দাম কমলে দেশের বাজারেও তার প্রভাব দেখা যায়।
মন্ত্রী আরও বলেন, প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও কিছুটা বেশি হওয়ার কথা। তবে আমদানিকারকদের সঙ্গে আলোচনা করে বর্তমান দাম ধরে রাখা হয়েছে। এ ক্ষেত্রে তাদের ওপর চাপও প্রয়োগ করতে হয়েছে।
তেলের দাম নির্ধারণের প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নেওয়া হয়। এসব খরচের ভিত্তিতে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ হিসাব সংগ্রহ করে সাংবাদিকেরা নিজেরাও যাচাই করতে পারবেন।
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনের অস্বাভাবিক প্রবণতা দেখা যাওয়ায় সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান মন্ত্রী। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট সদর উপজেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের জন্য এ অনুষ্ঠানে আর্থিক অনুদান দেওয়া হয়।
মন্ত্রী বলেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক ও স্বনির্ভর জীবনযাপনের সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে। কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে সহযোগিতা দেওয়া হবে।
তিনি জানান, কৃত্রিম অঙ্গ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় অঙ্গ তৈরি ও সরবরাহ করবে। উপকারভোগীরা অঙ্গ বুঝে পাওয়ার পর প্রতিষ্ঠানকে অনুদানের অর্থ দেওয়া হবে। পরবর্তী সময়ে কোনো সেবা বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলেও প্রতিষ্ঠানটি তা নিশ্চিত করবে।
এ উদ্যোগের আওতায় আগ্রহী উপকারভোগীদের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কিংবা এসএমই-সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করা হবে। কারও ভালো ব্যবসায়িক পরিকল্পনা থাকলে ক্ষুদ্র পুঁজির জন্যও সহযোগিতা করা হবে। এর মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে সম্মানজনক জীবনযাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কাফকোর চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিমসহ অনেকে।
