চুরির মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:২১ পিএম
প্রবাসফেরত এক ব্যবসায়ীকে মারধর ও ৩০ হাজার টাকা চুরির মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে।
শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীর এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
শুক্রবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইম শাখার পরিদর্শক হাবিবুর রহমান। তিনি আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররমের খতিব ছিলেন। তিনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ সেপ্টেম্বর তার অনুসারী ও বিরোধীপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর দুই দিন পর ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তিনি খতিবের পদ হারান।
এর আগে ২০১৮ সালের নভেম্বরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন রুহুল আমিন।
