মাদকমুক্ত সমাজ গড়তে সারা দেশে মার্শাল আর্ট ছড়িয়ে দিতে চাই: ইশরাক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে মার্শাল আর্ট ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেন। তিনি বলেছেন, রাজধানী থেকে শুরু করে দেশের গ্রাম ও প্রান্তিক পর্যায় পর্যন্ত মার্শাল আর্ট ছড়িয়ে দিতে চান তাঁরা। পাশাপাশি প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট-২০২৬ ও জাতীয় মার্শাল আর্ট পাওয়ার শো’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, মাদকের বিস্তার শহর থেকে গ্রাম, স্কুল থেকে পাড়া-মহল্লা পর্যন্ত ছড়িয়ে পড়ছে। এই মরণনেশা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের কারণে বাড়ছে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডও। এ পরিস্থিতি থেকে তরুণ প্রজন্মকে ফিরিয়ে এনে খেলাধুলা ও মার্শাল আর্টের সঙ্গে যুক্ত করতে চান তাঁরা।
তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন, আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। ইনশা আল্লাহ, তারই একটি কার্যক্রমের অংশ হিসেবে পরবর্তী সময়ে মার্শাল আর্ট কনফেডারেশনের দায়িত্ব গ্রহণ করেছি।’
নতুন কমিটির তিনটি প্রধান লক্ষ্য তুলে ধরে ইশরাক বলেন, অলিম্পিকে অন্তর্ভুক্ত ছয়টি মার্শাল আর্টকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা হবে। এর মাধ্যমে অলিম্পিক, এশিয়ান গেমস ও সাউথ এশিয়ান গেমসে অংশ নিয়ে দেশের জন্য সাফল্য বয়ে আনার উপযোগী খেলোয়াড় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, আগে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অধীনে ৩২টি অ্যাসোসিয়েশনের মাধ্যমে ৩২ ধরনের মার্শাল আর্ট এগিয়ে নেওয়া হতো। তবে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর অলিম্পিকে অন্তর্ভুক্ত ছয়টি মার্শাল আর্টকে বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
দ্বিতীয় লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, মার্শাল আর্টকে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিয়ে স্কুলপর্যায়ে নিয়ে যেতে চান তাঁরা। এ জন্য বছরব্যাপী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রতি সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিযোগিতার আয়োজন করা হবে। এসব প্রতিযোগিতা সরাসরি সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে।
ইশরাক বলেন, ডব্লিউডব্লিউই রেসলিংয়ের মতো স্থানীয় পর্যায়েও মার্শাল আর্ট প্রতিযোগিতার একটি জনপ্রিয় ব্র্যান্ড তৈরি করতে চান তাঁরা। এর মাধ্যমে নতুন প্রজন্ম ও স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা সম্ভব হবে।
তৃতীয় লক্ষ্য হিসেবে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, মার্শাল আর্টের প্রসারের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং মাদক সমস্যার বিরুদ্ধে সামাজিকভাবে ভূমিকা রাখতে চায় কনফেডারেশন। আগামী প্রজন্মকে বিপদের হাত থেকে রক্ষা করতে তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা জরুরি।
নতুন দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান ইশরাক। এ প্ল্যাটফর্মের মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জনে তাঁরা সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ইশফাক হোসেন, আয়োজক কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজ হাসানসহ অন্যরা।
অনুষ্ঠানে ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট-২০২৬’ উপলক্ষে এমএমএ, নারী এমএমএ, মুয়াই থাই, সাভাতে ও ভোভিনাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কিয়োকুশিন-কান ব্রেকিং, লং স্টিক, নানচাকু, ডাবল চেইন স্টিক ও ইট ভাঙার প্রদর্শনী হয়।