EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

আওয়ামী লীগের অপচেষ্টা মোকাবিলায় চাঁদাবাজরা সামনে থাকবে না

ডেইলি সান রিপোর্ট, ঝিনাইদহ

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
অ অ

দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিস্যাৎ হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, চাঁদাবাজি করে বদনাম ছড়ালে বিএনপিতে তাদের রাজনীতি করার অধিকার নেই। সমাজে টিকে থাকার অধিকারও তাদের নেই। এরা বিএনপির জন্য জঞ্জাল।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে এরা টিকে ছিল। আগামী দিনগুলোতেও আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবে। এরা দলের জন্য আবর্জনার বোঝা। আওয়ামী লীগের অপচেষ্টা মোকাবিলায় চাঁদাবাজরা সামনে থাকবে না।

তিনি আরও বলেন, চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জাল। এরপর কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এলে চোখ-কান বন্ধ করে তাদের গ্রেপ্তার করতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।

এ সময় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে দলীয় কিছু নেতাকর্মীর নেতিবাচক কর্মকাণ্ডে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, মাঠপর্যায়ে দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ এবং হাইব্রিড নেতাদের প্রভাবে সাধারণ নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। সরকারের ইতিবাচক কর্মকাণ্ডও এসব ঘটনার কারণে আড়ালে পড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দলের ভাবমূর্তি রক্ষায় আইনমন্ত্রীর এই কঠোর বক্তব্যকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুন