বসুন্ধরা আই হসপিটালে ৪১ রোগীর বিনা মূল্যে অস্ত্রোপচার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম
দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা ছিল তাদের কারও কারও। চোখের চিকিৎসার ব্যয় বহন করাও ছিল কঠিন। এবার সেই অসহায় মানুষের চোখে আলো ফেরাতে এগিয়ে এসেছে বসুন্ধরা আই হসপিটাল। কুষ্টিয়ায় চক্ষু চিকিৎসা শিবির থেকে নির্বাচিত ৪১ জন রোগীর বিনা মূল্যে অস্ত্রোপচার করেছে হাসপাতালটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এসব অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচার হওয়া রোগীদের মধ্যে ৩২ জনের ছানি অপারেশন করা হয়েছে। পাঁচজনের অশ্রুনালির অস্ত্রোপচার এবং চারজনের চোখের টেরিজিয়াম রোগের অস্ত্রোপচার হয়েছে।
এর আগে গত ২৭ অক্টোবর কুষ্টিয়ার হরিনারায়ণপুর মহিলা কলেজে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ২ হাজার ৬২ জন রোগীকে চিকিৎসাসেবা দেন। তাদের মধ্য থেকে ২৮২ জনকে অস্ত্রোপচারের জন্য নির্বাচন করা হয়।
নির্বাচিত রোগীদের মধ্যে প্রথম ধাপে ৪১ জনকে তিন দিনের চিকিৎসা কর্মসূচিতে ঢাকায় আনা হয়। প্রথম দিন তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও অস্ত্রোপচারের আগের মূল্যায়ন করা হয়। দ্বিতীয় দিন বিশেষজ্ঞ চক্ষু সার্জনদের তত্ত্বাবধানে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
তৃতীয় দিন রোগীদের ফলোআপ পরীক্ষা করা হবে। তাদের প্রয়োজনীয় ওষুধ ও পরবর্তী চিকিৎসার পরামর্শ দেওয়া হবে। এরপর নিজ নিজ বাড়িতে ফেরার ব্যবস্থা করা হবে।
রোগীদের থাকা-খাওয়া, চিকিৎসা পরীক্ষা, অস্ত্রোপচার ও ওষুধসহ সব খরচ বহন করছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৪ সাল থেকে এ মানবিক উদ্যোগ পরিচালিত হচ্ছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মানবিক নির্দেশনায় এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সম্মানসূচক পরিচালক অধ্যাপক এমদাদুল হক সালেহ আহমেদের তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশের প্রত্যন্ত অঞ্চলে এ পর্যন্ত ৭১টি চক্ষু চিকিৎসা শিবির আয়োজন করা হয়েছে। এসব শিবিরের মাধ্যমে এক লাখের বেশি মানুষ চক্ষুসেবা পেয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ৬৮৮ জনের অস্ত্রোপচার করা হয়েছে।
সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া এবং তাদের কাছে মানসম্মত চক্ষুসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বসুন্ধরা গ্রুপ ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ২০১৪ সালে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটি দেশের বিভিন্ন জেলায় নিয়মিত বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করছে। এসব শিবির থেকে নির্বাচিত রোগীদের বিনা মূল্যে উন্নত অস্ত্রোপচার ও অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা দেওয়া হয়।