EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তারেক রহমানের জন্মদিনে দুই হাসপাতালে বৃক্ষরোপণ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

তারেক রহমানের জন্মদিনে দুই হাসপাতালে বৃক্ষরোপণ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি।

অ অ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর দুটি মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে স্যার সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথকভাবে চারা রোপণ করা হয়। 

সবুজ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ার বার্তা দিতে আয়োজিত দুই কর্মসূচিতেই প্রধান অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম। সকাল সাড়ে ৮টায় সলিমুল্লাহ হাসপাতাল প্রাঙ্গণে এবং সাড়ে ৯টায় ঢাকা মেডিকেলের মিলন চত্বরে এ আয়োজন হয়।

সাংবাদিকদের রফিকূল ইসলাম বলেন, ‘বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ার অঙ্গীকার। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো ও তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তাই একে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করতে হবে। হাসপাতালে চিকিৎসা, ওষুধ ও আধুনিক প্রযুক্তি থাকলেও শ্বাস নেওয়ার পরিবেশ সুস্থ না রাখলে সুস্থ জাতি গড়া সম্ভব নয়।’

তিনি বলেন, ‘বায়ুদূষণে হাঁপানি, সিওপিডি, ফুসফুসের ক্যানসার, হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ঢাকার দূষণ জনস্বাস্থ্যের বড় উদ্বেগ।’

রফিকূল ইসলাম বলেন, ‘আমরা শুধু গাছ লাগাতে চাই না, আমরা একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে চাই। আমরা শুধু সবুজায়ন করতে চাই না, আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ নির্মাণ করতে চাই। প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে।’

আগামী পাঁচ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্য বাস্তবায়িত হলে পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি। তবে প্রতিটি গাছের পরিচর্যা ও টিকে থাকা নিশ্চিত করতে হবে। দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে দায়িত্বশীল ব্যক্তি বা কমিটি রাখার পরামর্শ দেন তিনি।

পরিবেশ সংরক্ষণে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের খাল খনন ও বৃক্ষরোপণের উদ্যোগ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলের জাতীয় বৃক্ষমেলার কথাও স্মরণ করেন রফিকূল ইসলাম। তাঁর দাবি, ২০০৪-২০০৫ সালে তারেক রহমানের উদ্যোগে শুধু ঢাকায় প্রায় ৮০ হাজার নিমের চারা রোপণ করা হয়।

হাসপাতালগুলোকে চিকিৎসাসেবার পাশাপাশি নির্মল ও সবুজ পরিবেশের দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ দুই হাসপাতালে প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসা নিতে আসেন। দেশের সব মেডিকেল কলেজ, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে এমন কর্মসূচি ছড়িয়ে দেওয়ার কথাও বলেন তিনি। প্রত্যেক শিক্ষার্থী বছরে অন্তত একটি গাছ লাগিয়ে পরিচর্যার দায়িত্ব নিলে সচেতনতার সংস্কৃতি গড়ে উঠবে বলেও মন্তব্য করেন। তাঁর মতে, এ কাজে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, চিকিৎসক, গণমাধ্যমসহ সবার অংশগ্রহণ প্রয়োজন।

আরও পড়ুন