EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশে আর আধিপত্যবাদের খেলা চলবে না: প্রিন্স

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

বাংলাদেশে আর আধিপত্যবাদের খেলা চলবে না: প্রিন্স
অ অ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ১১ কিলোমিটার দীর্ঘ প্যাচাই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল ও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল হিসেবে কাজ করেছে। বাংলাদেশে আর আধিপত্যবাদের খেলা চলবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী সরকারি সফরে আজ ধোবাউড়ায় যান তিনি। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থের চেক হস্তান্তর করেন। পরে সরকারি কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

দুপুরে ঘোষগাঁও ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কেশিয়াপাড়া গ্রামে প্যাচাই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় সমিতির সদস্য ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে কোদাল দিয়ে মাটি কাটেন এবং ভিত্তিফলক উন্মোচন করেন। পরে পার্শ্ববর্তী এরশাদ বাজারে প্যাচাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড আয়োজিত জনসমাবেশে যোগ দেন।


১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ১১ কিলোমিটার দীর্ঘ প্যাচাই খালটি পুনঃখনন করা হচ্ছে। এর মধ্যে মূল খাল ৫ কিলোমিটার এবং পাঁচটি শাখা খাল ৬ কিলোমিটার। জাপানভিত্তিক সংস্থা জাইকার অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্যাচাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে।

জনসমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল, অন্য কোনো শক্তির পদানত হওয়ার জন্য নয়। যে জাতি বারবার রক্ত দিয়ে গোলামির শৃঙ্খল ভেঙেছে, সেই জাতি আর কখনো বিদেশি শক্তির আধিপত্য মেনে নেবে না।

দেশবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, প্রতিটি এলাকায় কঠোর নজরদারি বাড়াতে হবে, যাতে কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করতে না পারে।

আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘অতীত থেকে শিক্ষা নিন। যে স্বার্থবাদী ও ক্ষমতালোভী নেতৃত্ব আপনাদের বিপদের মুখে ফেলে বিদেশে পালিয়ে গেছে, তাদের নির্দেশে আবারও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ বিপন্ন করবেন না।’

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল কৃষি বিপ্লব ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ। সেই উন্নয়ন দর্শনের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করছে।

প্যাচাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, মাহবুবুল আলম বাবুল, আবুল কাশেম ডলার, ফরহাদ আল রাজি, ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন ও সমিতির সাধারণ সম্পাদক আদম আলী।

বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর

সকালে ধোবাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ২০টি প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থের প্রথম কিস্তির চেক হস্তান্তর করেন এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহ জেলা পরিষদের বরাদ্দ করা ৩৯ লাখ টাকার মধ্যে প্রথম কিস্তিতে ১৯ লাখ ৫০ হাজার টাকার চেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রকল্প বাস্তবায়ন কমিটির কাছে দেওয়া হয়।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সুরক্ষার পাশাপাশি জনগণের আর্থসামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার, প্রশাসন, জনগণ ও বিএনপি ঐক্যবদ্ধভাবে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।

এ ছাড়া ধোবাউড়া উপজেলায় আরও নয়টি প্রকল্পে ময়মনসিংহ জেলা পরিষদের ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মজিবর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের পক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাদের, হযরত আলী ও প্রভাষক আমিনুল ইসলাম।

সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময়

দিনের শুরুতে ধোবাউড়া উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স। এ সময় উপজেলায় জেলা পরিষদের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

পরে উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের যৌথ সভায় যোগ দেন তিনি। সভায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সহযোগিতা করতে নেতা-কর্মীদের আহ্বান জানান।

একই সঙ্গে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেশবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করতে নিজ নিজ এলাকা ও সীমান্তবর্তী এলাকায় সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন