EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রাণিসম্পদ গবেষণায় অবদান, স্বর্ণপদক পেল বিএলআরআই

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

প্রাণিসম্পদ গবেষণায় অবদান, স্বর্ণপদক পেল বিএলআরআই
অ অ

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও ব্যবস্থাপনায় গবেষণা এবং প্রযুক্তি উদ্ভাবনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকার শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. শাকিলা ফারুকের হাতে পদক তুলে দেন।

‘প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন’ ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ এ স্বর্ণপদক অর্জন করে বিএলআরআই। উৎপাদন বাড়ানো ও খাতের নানা সমস্যা সমাধানে প্রতিষ্ঠানটির গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রম এ অর্জনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেল। গবেষণাগারের জ্ঞানকে মাঠপর্যায়ে কাজে লাগানোর প্রচেষ্টার জন্যও এ সম্মাননা গুরুত্বপূর্ণ।

বিএলআরআই দীর্ঘদিন ধরে দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা, উন্নত জাত উদ্ভাবন এবং পরিবেশবান্ধব ও জলবায়ুসহিষ্ণু প্রযুক্তি উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করে আসছে। ইনস্টিটিউটের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও গবেষণালব্ধ ফলাফল দেশের খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এ স্বর্ণপদক অর্জন বিএলআরআই-এর বিজ্ঞানী, গবেষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি। একই সঙ্গে এ অর্জন দেশের প্রাণিসম্পদ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিএলআরআই-এর অগ্রণী ভূমিকার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

এ সম্মাননা বিএলআরআই-এর ভবিষ্যৎ গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন