EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নারী ও কন্যাশিশুর নিরাপত্তায় সরকারের কাছে ১০ দফা সুপারিশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

নারী ও কন্যাশিশুর নিরাপত্তায় সরকারের কাছে ১০ দফা সুপারিশ

ছবি: সংগৃহীত

অ অ

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ, মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে ১০ দফা সুপারিশ তুলে ধরেছে বিভিন্ন সংগঠন।

বুধবার (২৫ নভেম্বর) নারী উন্নয়ন শক্তি (এনইউএস) ও ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি)-এর যৌথ উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এনইউএস ট্রেনিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস, শিলিডস, ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং উইমেন এন্টারপ্রেনার্স ফোরাম বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইউএস-এর নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। ‘বাংলাদেশে নারী নির্যাতনের বর্তমান অবস্থা ও প্রতিকারের উপায়’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন ওয়াইডব্লিউডিআরসি-এর নির্বাহী চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ।

এ ছাড়া বক্তব্য দেন শিলিডস-এর যুগ্ম সম্পাদক সেলিনা আখতার, সংগীতশিল্পী সম্পি জামান, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক ড. সুলতান মুহাম্মদ রাজ্জাক, গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস-এর ব্যবস্থাপক আব্দুল মোমিন, ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রচার সম্পাদকসহ বিভিন্ন নারী অধিকার, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, নারী নির্যাতন শুধু সামাজিক সমস্যা নয়, এটি নারীর মৌলিক অধিকার, মর্যাদা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, যৌতুক, মানবপাচার, কর্মক্ষেত্রে নির্যাতন ও অনলাইন হয়রানি প্রতিরোধে পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

তাঁরা বলেন, শুধু আইন প্রণয়ন করলেই নির্যাতন বন্ধ হবে না। আইনের কার্যকর প্রয়োগ, দ্রুত তদন্ত ও বিচার, ভুক্তভোগীর নিরাপত্তা, চিকিৎসা, মানসিক সহায়তা ও আইনি সেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং নারী নির্যাতনের প্রতি সামাজিক নীরবতা ও সহনশীলতা ভাঙতে হবে।

অনুষ্ঠানে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের কাছে ১০ দফা সুপারিশ তুলে ধরা হয়। সেগুলো হলো—

১. নারী নির্যাতনের অভিযোগ দ্রুত গ্রহণ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। থানায় অভিযোগ গ্রহণে অবহেলা, হয়রানি বা অনীহা বন্ধ করতে হবে।

২. ধর্ষণ ও যৌন সহিংসতার মামলায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। চিকিৎসা, ডিএনএ পরীক্ষা ও অন্যান্য বৈজ্ঞানিক আলামত দ্রুত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

৩. নির্যাতনের শিকার নারী ও শিশুর জন্য নিরাপদ আশ্রয়, চিকিৎসা, আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

৪. নারী ও শিশু নির্যাতন মামলার তদন্ত, অভিযোগপত্র, বিচার ও রায়ের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। দীর্ঘদিন ঝুলে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।

৫. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারসংশ্লিষ্ট কর্মকর্তাদের নারী ও শিশুবান্ধব প্রশিক্ষণ দিতে হবে। ভুক্তভোগীর মর্যাদা, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে সেবা দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে।

৬. ১০৯ জাতীয় হেল্পলাইনসহ নারী ও শিশু সহায়তা সেবার প্রচার ও কার্যকারিতা বাড়াতে হবে। গ্রাম ও শহরের নারী ও কন্যাশিশুরা যেন সহজে সহায়তা পাওয়ার উপায় জানতে পারে, সে জন্য সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে।

৭. কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন ও জনপরিসরে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে অভিযোগ গ্রহণ, তদন্ত ও প্রতিকারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৮. অনলাইন হয়রানি, ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া, ব্ল্যাকমেইল ও অন্যান্য ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দ্রুত অভিযোগ গ্রহণ ও প্রতিকার নিশ্চিত করতে হবে।

৯. বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতাকে স্বাভাবিক মনে করার সামাজিক মানসিকতা পরিবর্তনে দীর্ঘমেয়াদি শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি নিতে হবে। এ কাজে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং পুরুষ ও কিশোরদের সম্পৃক্ত করতে হবে।

১০. নারী নির্যাতন প্রতিরোধে সরকার, নাগরিক সমাজ ও নারী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। মাঠপর্যায়ের সংগঠনগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ, সেবা প্রদান ও জবাবদিহির ব্যবস্থা গড়ে তুলতে হবে।

বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ শুধু নারীদের দায়িত্ব নয়, এটি পুরো সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। নারীর নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তাঁরা নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, অপরাধীদের দায়মুক্তি বন্ধ করা এবং নির্যাতনের শিকার নারী ও কন্যাশিশুর পাশে দাঁড়াতে সরকার, নাগরিক সমাজ, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। ‘নির্যাতন নয়, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত হোক, ন্যায়বিচার নিশ্চিত হোক, দায়মুক্তির অবসান হোক’—এ প্রত্যয় নিয়ে ১৬ দিনের কার্যক্রম সফল করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন