স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত, তাঁরা নজরদারিতে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এসব সদস্যকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দল হিসেবে মানবতাবিরোধী অপরাধে জড়িত কি না, তা নিয়ে তদন্ত প্রায় শেষ পর্যায়ে। দলটির কার্যক্রম নিষিদ্ধ হবে কি না, সে সিদ্ধান্ত আদালতের বিষয়।
তিনি আরও বলেন, পলাতক ফ্যাসিস্ট শক্তিগুলো রাজনীতি করতে পারবে না। তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। গোপালগঞ্জের পরিস্থিতিও কোনো প্রাণহানি ছাড়াই নিয়ন্ত্রণে আনা হয়েছে।
