পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ৩৬-৪৩ শতাংশ: মাহ্দী আমিন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম
ছবি: সংগৃহীত
তিন বছরের ব্যবধানে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, নতুন মজুরি কাঠামোর পাশাপাশি শ্রমিকরা তাদের প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। এতে মাস শেষে তাদের মোট আয় আরও বাড়বে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
স্ট্যাটাসে তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বিশ্বজয়ের পেছনে শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা রয়েছে। তাঁদের শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে দেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক। এ শিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে শ্রমিকদের জীবন, তাঁদের পরিবারের সংগ্রাম এবং কারখানার ভবিষ্যৎ জড়িত। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, নৈতিক দায়িত্বও।
মাহ্দী আমিন বলেন, এ দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মজুরি কাঠামোর বিস্তারিত তুলে ধরে তিনি জানান, গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ গ্রেডে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটররা রয়েছেন। এ গ্রেডে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ।
গ্রেড-২-এর শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এ গ্রেডে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকাররা রয়েছেন। এ ক্ষেত্রে মজুরি বেড়েছে ৪০ দশমিক ১১ শতাংশ।
গ্রেড-৩-এর শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ গ্রেডে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীরা রয়েছেন। এ গ্রেডে মজুরি বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ।
অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। এ গ্রেডে হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন। এ ক্ষেত্রে মজুরি বেড়েছে ৩৬ শতাংশ।
মাহ্দী আমিন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। শ্রমিকদের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্পখাতই দীর্ঘ মেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও উন্নত সুযোগ নিশ্চিত করতে পারে। শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলে কর্মসংস্থান, বিনিয়োগ এবং রপ্তানি প্রবৃদ্ধিও সুরক্ষিত থাকবে।
তিনি আরও বলেন, সরকার এমন একটি তৈরি পোশাকশিল্প গড়ে তুলতে চায়, যেখানে শ্রমিকরা ন্যায্য অধিকার, প্রাপ্য মর্যাদা ও উন্নত জীবনমান পাবেন; উদ্যোক্তারা বিনিয়োগ ও উৎপাদনে আস্থা পাবেন; বেকারত্ব না বেড়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকপক্ষের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন মাহ্দী আমিন। তাঁর ভাষ্য, শ্রমিকদের মুখে স্বস্তি, কর্মক্ষেত্রে মর্যাদা এবং শিল্পের টেকসই অগ্রগতির মধ্য দিয়েই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
নতুন মজুরি কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড, শ্রমিকপক্ষ ও মালিকপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি শ্রমিক-মালিক উভয় পক্ষের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
একই সঙ্গে অপপ্রচার, উসকানি ও বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই তৈরি পোশাকশিল্পকে আরও এগিয়ে নেবে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলে স্ট্যাটাসে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
