ডিসেম্বরের চালু হচ্ছে পাঁচটি ২০০ শয্যার শিশু হাসপাতাল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
ছবি: সংগৃহীত
চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশের পাঁচটি বিভাগীয় ও জেলা শহরে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হচ্ছে। হাসপাতালগুলো হলো খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লার শিশু হাসপাতাল। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাসপাতালগুলোর উদ্বোধন করবেন।
নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল হাসপাতালগুলো। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর ওপর নির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পাঁচটি হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পদ ৫টি, সহকারী পরিচালক ৫টি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসক পদ ১০টি। এ ছাড়া আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার ৫টি, মেডিকেল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, জরুরি বিভাগের মেডিকেল অফিসার ২০টি এবং অ্যানেসথেসিয়া বিভাগের ২০টি পদ রয়েছে।
হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ রেখেই হাসপাতালগুলোর অবকাঠামো তৈরি করা হয়েছে। হাসপাতালগুলোর আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এর আগে গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ছয় বিভাগে অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন। এরপরই হাসপাতালগুলো চালুর উদ্যোগ জোরদার হয়।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন।
জানা গেছে, ২০০ শয্যার হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ইতোমধ্যে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।
