EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গুমের শিকার ২০০ জনের এখনো খোঁজ মেলেনি: চিফ প্রসিকিউটর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম

গুমের শিকার ২০০ জনের এখনো খোঁজ মেলেনি: চিফ প্রসিকিউটর

ছবি: সংগৃহীত

অ অ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সুমনসহ বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের বিষয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেছেন, গুমের শিকার প্রায় ২০০ জনের এখনো সন্ধান পাওয়া যায়নি। এসব অভিযোগের বিষয়ে সম্মিলিতভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ করে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, ইতোমধ্যে গুমের কয়েকটি মামলার বিচারকাজ চলছে। বেশ কয়েকটি মামলা শুনানির পর্যায়ে রয়েছে। গুমসংক্রান্ত আইনও পাস হয়েছে। ব্যাপক ও পদ্ধতিগতভাবে সংঘটিত গুমের অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আওতায় আসবে।

তদন্তের অগ্রগতি তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী, বিএনপি নেতা সুমনসহ অন্যান্য গুমের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। বিশেষ করে গুমের শিকার প্রায় ২০০ ব্যক্তির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁরা বেঁচে আছেন কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে সব গুমের ঘটনা নিয়ে সম্মিলিতভাবে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, গুমের ঘটনাগুলোর তদন্তের পরিধি ব্যাপক। এ কারণে শত শত ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা, সাক্ষ্য গ্রহণ এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ চলছে। এসব কার্যক্রম অব্যাহত রয়েছে।

‘খুব শিগগিরই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের আশা করছি। এরপর গুমের ঘটনাগুলোর বিচারপ্রক্রিয়া শুরু হবে ইনশাআল্লাহ’, বলেন চিফ প্রসিকিউটর।

আরও পড়ুন