১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৬ এএম
ছবি: সংগৃহীত
আগামী পহেলা ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করছে বাংলাদেশ সরকার। এর মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ হতে চলেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন এই দুটি কেন্দ্রে ভিসা সেবা পরিচালনার জন্য আউটসোর্সড সার্ভিস প্রোভাইডার হিসেবে ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস’ (এসজিজিএস)-কে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ‘ডিইউ ডিজিটাল’ নামের একটি বেসরকারি সংস্থা এই ভিসা আবেদন কেন্দ্রগুলো পরিচালনা করতো। আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ সরকারের সঙ্গে সংস্থাটির চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। সরকার তা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়—এই পাঁচটি রাজ্যে বসবাসকারী ভারতীয় নাগরিক আবেদন করতে পারবে। উল্লিখিত রাজ্যগুলোতে দীর্ঘমেয়াদে বসবাসরত বিদেশি নাগরিকরাও এখান থেকে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
নতুন ভিসা কেন্দ্রের ঠিকানা হলো- সিমসিস টাওয়ার্স, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, সেক্টর ফাইভ, সল্টলেক, কলকাতা-৭০০০৯১।
অপরটি হলো- সিটি মল (প্রথম তলা), সেবক রোড, শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১।
এর আগে ‘ডিইউ ডিজিটাল’ নামের একটি বেসরকারি সংস্থা এই ভিসা আবেদন কেন্দ্রগুলো পরিচালনা করত। আগামী ৩০ নভেম্বর সংস্থাটির চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।
উপ-হাইকমিশন থেকে সংশ্লিষ্ট পাঁচ রাজ্যের আবেদনকারীদের নতুন কেন্দ্রগুলোর মাধ্যমে আবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
