হাসিনা দ্রুত দেশে আসুন, প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, সিলেট
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। তিনি এ দেশের নাগরিক, তাই তার দেশে ফিরতে দেরি করার কারণ নেই।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘এত দেরি করবেন কেন তিনি? আগে এলে সমস্যা কী? তিনি তো এ দেশেরই ছিলেন। প্রশ্ন হলো, তিনি এ দেশ থেকে চলে গেলেন কেন? সারা দেশের মানুষের রোষ ও আতঙ্কিত হয়ে তিনি দেশ ছেড়েছেন। আমরা চাই, শেখ হাসিনা দ্রুত দেশে আসুন। তিনি এ দেশেরই নাগরিক। আইনগতভাবে তার যে প্রাপ্য রয়েছে, বিচারিক প্রক্রিয়ায় তা বুঝিয়ে দেওয়া হবে।’
সরকারি মালিকানাধীন শিল্পকারখানার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, অধিকাংশ কারখানার আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের শুরু থেকেই এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে।
তিনি জানান, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনরায় চালু করা গেলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
নতুন শিল্পকারখানা স্থাপনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শিল্প খাতে বিনিয়োগের জন্য ঋণ প্রদানের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। এ খাতে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাও রয়েছেন।
কৃষি উৎপাদন বাড়ানোর বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের কৃষি উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। বিদ্যমান সক্ষমতা কাজে লাগাতে পারলে একসময় বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে।
পেঁয়াজ উৎপাদনের উদাহরণ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, একসময় এ পণ্যের জন্য বাংলাদেশ আমদানির ওপর নির্ভরশীল ছিল। বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ উৎপাদিত হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এ খাতে তরুণদের সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
আমদানি-রপ্তানির ব্যবধান প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের আমদানি সব সময় রপ্তানির তুলনায় বেশি হলেও শুধু এ ব্যবধান নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বরং দেশের সামগ্রিক বাণিজ্যের পরিমাণ ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে জ্বালানি আমদানির ব্যয় কমানো সম্ভব। একইভাবে কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে খাদ্যপণ্যে আমদানিনির্ভরতা কমানো যাবে। অন্যদিকে রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিরও প্রয়োজন রয়েছে। তাই আমদানি-রপ্তানির ব্যবধানের পাশাপাশি দেশের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি সম্প্রসারণের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে পরিকল্পনা
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। কলেজ পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, কলেজের খেলার মাঠ, মসজিদ ও পরিবহনসংক্রান্ত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্য নিয়েও কাজ করছে সরকার।
তিনি বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রত্যাশা ছিল। তবে বর্তমান অবকাঠামো ও জায়গার সীমাবদ্ধতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি করেছে। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে কলেজটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো, প্রতিষ্ঠানটিকে একদিন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।
পরে বাণিজ্যমন্ত্রী হযরত শাহপরাণ (রহ.) মাজার রোড থেকে ভাওয়াল টিলা পর্যন্ত সড়ক উন্নয়ন, সীমানাপ্রাচীর, রিটেইনিং ওয়াল ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন।