স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ২৯ নভেম্বর থেকে ইসির সংলাপ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিনব্যাপী এ মতবিনিময় অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন, সেসব দলের পাশাপাশি নতুন চারটি দলের সঙ্গেও মতবিনিময় করা হবে।
নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার পর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনও সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।