জাহেদ উর রহমান
হাসিনাকে ফেরত চায় সরকার, প্রত্যর্পণ নিয়ে আলোচনা ভারতের সঙ্গে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:০২ পিএম
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায় সরকার। তবে তিনি কীভাবে বাংলাদেশে ফিরবেন, সে বিষয়ে তাঁর সঙ্গে নয়, ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের নয়। এই আলোচনা আমাদের সঙ্গে ভারতের।’
শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, তাঁকে বাংলাদেশে ফেরত চায় সরকার। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে আসবেন, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ‘আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তাঁর সাঙ্গপাঙ্গসহ তাঁদের ওখানে (ভারতে) আছেন। শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি তাঁদের বিমানে আসবেন, হেঁটে বাংলাদেশে আসবেন, কীভাবে হস্তান্তর হবে—এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।’
শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রত্যাশা জানিয়ে জাহেদ উর রহমান বলেন, ‘তাকে প্রত্যর্পণ করা হবে।’
তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘শেখ হাসিনা যদি আসতেই চান, তাঁর তো এখন আর আইনি ঝামেলা থাকার কোনো কারণ আছে বলে মনে করি না। তাঁকে প্রত্যর্পণ করে দিলেই হয়। ভারত খুশি মনে তাঁকে প্রত্যর্পণ করে দেওয়া উচিত। কারণ, যিনি আসামি, তিনি নিজেই চাচ্ছেন বাংলাদেশে যেতে।’
এদিকে ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতা জারি ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে জানতে চান সাংবাদিকেরা।
জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বর নিয়ে একধরনের আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।