পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে
কে কোথায় লুকিয়ে থেকে কী বলছেন, তা নিয়ে আলোচনা করে সরকারের সময় নষ্ট হচ্ছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে তাঁদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এ সিদ্ধান্তের কোনো ব্যত্যয় হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে পালিয়ে থাকা অন্য দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইনে যে অবস্থান, তাঁর ক্ষেত্রেও একই অবস্থান থাকবে।
রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার দেশে ফেরার জন্য উড়োজাহাজ চাওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, রয়টার্সের উড়োজাহাজ পাঠানোর কোনো এখতিয়ার নেই। কে কোথায় লুকিয়ে থেকে কী বলছেন, তা নিয়ে আলোচনা করে সরকারের সময় নষ্ট হচ্ছে।
তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান আগেও স্পষ্ট করা হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও একই অবস্থান থাকবে। শেখ হাসিনা কিংবা অন্য কোনো দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরলে তাঁদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান, হেলিকপ্টার, বাস বা অন্য কোনো যানবাহন পাঠানোর বিষয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কোনো আলোচনা হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী।
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের শেখ হাসিনাকে গ্রেপ্তারের সক্ষমতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা কোথায় আছেন, তা কেউ জানেন না। তিনি দেশত্যাগের পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ রয়েছে। হাদি হত্যাকাণ্ড এবং জুলাই-আগস্টে হত্যা, গুম ও সহিংসতার ঘটনায় জড়িত যেসব দণ্ডপ্রাপ্ত আসামি ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাঁদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, এ ধরনের ঘোষণার কোনো অর্থ নেই। তিনি দেশে ফিরলে গ্রেপ্তার হয়ে কারাগারে যাবেন। এ ধরনের বক্তব্য দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও বিপদের মুখে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি দণ্ডিত হলে তাঁকে পাসপোর্ট, এনআইডি বা এ ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এ ক্ষেত্রে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।