মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকালে হেলিকপ্টারে যাবেন, বিকেলে ঢাকায় ফেরার কথা; দেখবেন তিন বাহিনীর প্রশিক্ষণ ও দেশীয় সামরিক সরঞ্জামের প্রদর্শনী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিন বাহিনীর বিশেষ প্রশিক্ষণ, সামরিক সরঞ্জাম প্রদর্শনী ও বিভিন্ন অভিযানমূলক কার্যক্রম দেখবেন তিনি। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন তিনি। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী, অনুশীলনস্থল এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখবেন। মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার স্বর্ণদ্বীপে এ মহড়ার চূড়ান্ত অনুশীলন হবে। এতে অংশ নেবে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড স্বর্ণদ্বীপ। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই প্রথম সেখানে পরিদর্শনে যাচ্ছেন।