EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত

অ অ

ডিম, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসি, বেকারি ও হোটেল-রেস্তোরাঁয় দেশজুড়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে ৩১ জেলায় ৮০টি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) অধিদপ্তরের ৪৭টি দল একযোগে এ অভিযান পরিচালনা করে।

অধিদপ্তর জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ খাদ্য ও পণ্য নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। এ সময় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রি বন্ধে তদারকি করা হয়।

এ ছাড়া হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট নিয়ম মেনে চলা হচ্ছে কি না, তা পরীক্ষা করা হয়। ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ ও সরবরাহে বাধা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়। 

অভিযানে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

অধিদপ্তর ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছে। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করতে বলা হয়েছে। পাশাপাশি সঠিক ওজন নিশ্চিত করে পণ্য কেনা এবং বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

পণ্য কেনায় কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন