EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে ‘জঙ্গি বোমারু’ মামুনসহ দুই আসামির ১১ দিনের রিমান্ড

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

লক্ষ্মীপুরে ‘জঙ্গি বোমারু’ মামুনসহ দুই আসামির ১১ দিনের রিমান্ড

ছবি: সংগৃহীত

অ অ

লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ‘জঙ্গি বোমারু’ মামুনসহ দুই আসামির ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে মামুনের সাত দিন এবং জাহেদুল ইসলাম জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী জানান, মামুনের প্রকৃত নাম নাজমুল হাসান মামুন। তিনি নব্য জেএমবির সদস্য। পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রায়পুর থানা-পুলিশ জানায়, গত ৩ নভেম্বর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে মামুন এক বিএনপি নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত করে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করলে তিনি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটকের সময় মামুন নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর বলে পরিচয় দেন। এ ঘটনায় তাকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা হয়। 

পুলিশ জানায়, প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে মামুন উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়িতে ভাড়া থাকতেন। ৯ নভেম্বর তার কক্ষ থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরদিন একই বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে রাখা দুধের দুটি কৌটা থেকে বোমা উদ্ধার করে পুলিশ।

গত ১১ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি দল কৌটাগুলোর ভেতরে শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করে। পরদিন বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় বিস্ফোরক আইনে করা পৃথক দুটি মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের দাবি, বরিশালসহ বিভিন্ন থানায় মামুনের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। রায়পুর থানার একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর তার প্রকৃত পরিচয় জানা যায়। তিনি নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন, যিনি ‘জঙ্গি বোমারু মামুন’ নামে পরিচিত।

গত ১৭ নভেম্বর প্রথম দফার রিমান্ড শেষ হলে পুলিশ আবারও তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন