তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক ইসলাম উদ্দিন ওই গ্রামের মৃত ইস্কান্দার ফকিরের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি উপজেলার গাঁজা ও ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের অন্যতম সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদেক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কামড়াবন্দ গ্রামে অভিযান চালায়। এ সময় ইসলাম উদ্দিনকে ৪৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে তাঁকে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় তাহিরপুর থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ইসলাম উদ্দিনসহ ৫ থেকে ৭ জনের একটি প্রভাবশালী চক্র গত ৪ থেকে ৫ মাস ধরে ভারতীয় নাছির উদ্দিন বিড়ির ব্যবসার আড়ালে তাহিরপুরে মদ, গাঁজা ও ইয়াবা পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে।
