পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ
পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম
পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তবে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত প্রস্তাবটি প্রকাশ করা হচ্ছে না।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বোর্ডের তৃতীয় সভা চলাকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, অনেকগুলো বিষয় আলোচনা ও বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিতে হচ্ছে। বেআইনি বা অবাস্তব কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
সোমবার বেলা সাড়ে ১১টায় মজুরি বোর্ডের কার্যালয়ে সভা শুরু হয়। সভার আলোচ্যসূচিতে শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়টি রয়েছে।
ব্রিফিংয়ে বোর্ড চেয়ারম্যান জানান, সভার কার্যক্রম তখনো চলছিল। নামাজের বিরতি ও গণমাধ্যমকে তথ্য জানাতে সাময়িকভাবে সভা মুলতবি রাখা হয়েছে।
সভা শেষে মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা এখনো শেষ হয়নি। উভয় পক্ষের মধ্যে যুক্তি-পাল্টা যুক্তি চলছে। এ জন্য আরও সময় প্রয়োজন। প্রয়োজনে আগামীকালও সভা হতে পারে।