EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রতিবন্ধী শিশুদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: ডা. বিটু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

প্রতিবন্ধী শিশুদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: ডা. বিটু

ছবি: সংগৃহীত

অ অ

প্রতিবন্ধী শিশুদের যথাযথ প্রশিক্ষণ, বিশেষায়িত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে স্বাবলম্বী করতে সরকার পরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

তিনি বলেন, বর্তমান সরকার একটি মানবিক সরকার। স্বাস্থ্য খাতে এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ গতবারের তুলনায় দ্বিগুণ। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে। বিশেষ করে নারী স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ দেবেন।

রোববার (২২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে বগুড়ার গাবতলী উপজেলার গোড়দহ এলাকায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্বপ্ন ছোঁয়া একাডেমি’ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন ডা. বিটু। পাশাপাশি তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক মেয়র সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বিএনপি নেতা ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. মিজানুল হাশেম শাহীন, ডা. তাপস দাসসহ গাবতলী পৌর বিএনপির নেতাকর্মীরা। 

প্রতিবন্ধিতা প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার ওপর গুরুত্ব দিয়ে ডা. বিটু বলেন, গর্ভবতী মায়ের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত স্ক্রিনিং জরুরি। শিশুর জন্মের আগে ও পরে প্রয়োজনীয় পরীক্ষা, মায়ের স্বাস্থ্যসেবা এবং সচেতনতা নিশ্চিত করা গেলে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধিতার ঝুঁকি কমানো সম্ভব। এ লক্ষ্যে সরকার বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি। তাদের উপযোগী শিক্ষা, বিশেষ প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং কর্মদক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিবন্ধী শিশুদের প্রত্যেকের আলাদা প্রতিভা ও দক্ষতা রয়েছে। কেউ হাতের কাজে ভালো হলে তাকে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আবার কারও কথা বলার দক্ষতা ভালো হলে সেই প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা হবে।

ডা. বিটু বলেন, যথাযথ পরিচর্যা, শিক্ষা ও প্রশিক্ষণ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা দেশে-বিদেশে কাজের সুযোগ পেতে পারে। তারা যেন সমাজের বোঝা না হয়ে আত্মনির্ভরশীল ও উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

আরও পড়ুন