মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, জব্দ ১৪ পাসপোর্ট
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে এইচ এম জসিম উদ্দিন চাঁদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর পরিচালিত ‘চাঁদ ট্রাভেলস’ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। জব্দ করা হয়েছে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারে অভিযান চালিয়ে এ দণ্ড দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বিএমইটি এ অভিযান চালায়।
অভিযানে দেখা যায়, জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ প্রতিষ্ঠানটি চালালেও এর কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি। এ ছাড়া তিনি ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে টাকা নেওয়াসহ নানা ধরনের প্রতারণা করছিলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতারণা করলে তাদের ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধে জড়িত সবার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নিরাপদ ও নিয়ম মেনে বিদেশে কর্মী পাঠানো নিশ্চিত করাই মন্ত্রণালয়ের লক্ষ্য। বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শও দেন মন্ত্রী।
বিএমইটি ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারণা বন্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিত চলবে।
