ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি: পিএমও
ফ্যাসিবাদ ও জুলাই আন্দোলনের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, বৈঠকে আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাস এবং দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ঐক্যের বিষয়টিও উঠে এসেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন। ফ্যাসিবাদ ও জুলাই আন্দোলনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে দেশের বর্তমান পরিস্থিতির জন্য গত সাত-আট মাসের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো স্পষ্ট না করায় বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, যেকোনো রাজনৈতিক ঐক্য এবং জুলাই ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে গুরুত্ব দিতে হবে। ঐক্যের প্রক্রিয়ায় সংস্কারকে প্রধান এজেন্ডা হিসেবে রাখার আহ্বানও জানিয়েছেন তারা।
-6af424fbbcf19.jpg)