স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ তাগিদ দেন।
সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী পরিবার পরিকল্পনা সেবা বিষয়ে আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধনের জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার বছরব্যাপী এ কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা তৈরির পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং মৌলিক চাহিদাসংশ্লিষ্ট বিষয়গুলো বিগত সরকারের আমলে চরমভাবে অবহেলিত ছিল। বর্তমান সরকার এ খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং সেবার মানোন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে হেলথ কার্ডসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।
