আইনশৃঙ্খলা রক্ষায় ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম
ছবি: সংগৃহীত
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল বজায় রাখতে দেশের নয়টি জেলায় ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শিল্পাঞ্চল গাজীপুরে অতিরিক্ত চার প্লাটুন সদস্য মোতায়েনের ফলে সেখানে মোট ১৭ প্লাটুন আনসার দায়িত্ব পালন করছেন।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বাহিনী সূত্রে জানা গেছে, গাজীপুরে ১৭ প্লাটুন, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে সদস্য দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এসব সদস্য দিন-রাত দায়িত্ব পালন করছেন। বিশেষ করে দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে সদস্যরা নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করছেন। পাশাপাশি সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রস্তুত রয়েছেন তাঁরা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, নাশকতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপতৎপরতা প্রতিরোধে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।