EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার বন্ধে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম

শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার বন্ধে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

ছবি: সংগৃহীত

অ অ

১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

ডাক ও টেলিযোগাযোগ, মহিলা ও শিশুবিষয়ক, স্বাস্থ্য ও আইন মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীর জনস্বার্থে এ রিট করেন।

আদেশের পর আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীর সাংবাদিকদের বলেন, কোনো নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে তাদের মধ্যে একাকিত্ব, হতাশাসহ নানা নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে, যা মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে।

রুলে ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে নীতিমালা প্রণয়নের জন্য কমিটি গঠনে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। একই সঙ্গে শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন