চড়া দামে এলএনজি আমদানি, রিজার্ভ ও ভর্তুকিতে বাড়তি চাপ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ এএম
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি আমদানিতে। চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে গিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। একই সঙ্গে বাড়ছে সরকারের ভর্তুকির বোঝা। এতে ডলারের চাহিদা বেড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও তৈরি হয়েছে বাড়তি চাপ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে ৩০ হাজার ৬৪৯ কোটি টাকা। একই সময়ে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে ১৭ হাজার ৪০০ কোটি টাকা। অথচ পুরো অর্থবছরের জন্য ভর্তুকি বরাদ্দ রাখা হয়েছে মাত্র ছয় হাজার ৫০০ কোটি টাকা।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৩৪টি এলএনজি কার্গো আমদানি করা হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ৯টি, আগস্টে ছয়টি, সেপ্টেম্বরে ৯টি এবং অক্টোবরে ১০টি কার্গো এসেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ায় আমদানি ব্যয় কয়েক গুণ বেড়েছে। বছরের শুরুতে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম ১০ থেকে ১২ ডলারের মধ্যে থাকলেও তা বেড়ে প্রায় ৩০ ডলারে পৌঁছেছে।
দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার থেকে সরবরাহ বন্ধ থাকায় স্পট মার্কেটের ওপর নির্ভরতা বাড়াতে হয়েছে বাংলাদেশকে। তবে চড়া দাম দিয়েও প্রয়োজনীয় কার্গো সংগ্রহ করতে হিমশিম খেতে হয়েছে পেট্রোবাংলাকে। গত আগস্টে কয়েকটি কার্গো কেনার জন্য তিন দফায় দরপত্র আহ্বান করা হলেও শেষ পর্যন্ত তিনটির মধ্যে দুটি সংগ্রহ করা সম্ভব হয়। সেপ্টেম্বরে ভিটল এশিয়া ও টোটাল এনার্জিসের কাছ থেকে যথাক্রমে ২৯ দশমিক ৭৯৫ ও ২৮ দশমিক ৯৫ ডলারে এলএনজি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়।
এ পরিস্থিতিতে এলএনজি আমদানিতে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) ব্যবহারের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েও প্রশ্ন উঠেছে।
জ্বালানি খাতসংশ্লিষ্টদের অভিযোগ, জরুরি আমদানির সুযোগ কাজে লাগিয়ে পুরনো কমিশন-বাণিজ্যের চক্র আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান, স্থানীয় মধ্যস্বত্বভোগী ও প্রভাবশালী মহলের একটি অংশ এ প্রক্রিয়ায় সুবিধা নেওয়ার তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলএনজি আমদানিতে আবারও ডিপিএম চালুর জন্য একটি পক্ষ তৎপরতা চালাচ্ছে। সরবরাহ সংকট ও জরুরি আমদানির প্রয়োজনীয়তাকে সামনে রেখে তারা এ পদ্ধতিতে কেনাকাটার সুযোগ বাড়াতে চায়। তবে ডিপিএম নিয়মিত ক্রয়পদ্ধতি হতে পারে না। বিশেষ পরিস্থিতিতে এর প্রয়োজন হলেও কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া কিংবা প্রতিযোগিতা সীমিত করার সুযোগ থাকা উচিত নয়।
গত ১৩ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিপিএম পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড ও শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেডের কাছ থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে চেনিয়েরে মার্কেটিং ইন্টারন্যাশনাল ও ট্রাফিগুরার কাছ থেকে সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে এলএনজি সংগ্রহের প্রস্তাবও অনুমোদন পায়। এ ছাড়া ডিসেম্বর থেকে ২০২৭ সালের মধ্যে ট্রাফিগুরার কাছ থেকে মোট নয়টি কার্গো আমদানির চূড়ান্ত দর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে ব্যাপক ব্যয়ের চাপ তৈরি হয়েছে। একপর্যায়ে চড়া দাম দিয়েও স্পট মার্কেটে এলএনজি পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ডিপিএমের পাশাপাশি স্বল্প ও মধ্যমেয়াদি চুক্তির মাধ্যমেও আমদানির ব্যবস্থা করা হচ্ছে।
ভর্তুকির বোঝা বাড়ছে
এলএনজি আমদানির ব্যয় বাড়ার সরাসরি প্রভাব পড়ছে সরকারের ভর্তুকি ব্যবস্থাপনায়। পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, ২০১৮-১৯ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত আট বছরে এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে দুই লাখ ৭৭ হাজার ২৩৯ কোটি টাকা। এ সময়ে ভর্তুকি দিতে হয়েছে ৫১ হাজার ৩৬৬ কোটি টাকা। শুধু গত অর্থবছরেই আমদানিতে ব্যয় হয়েছে ৫৮ হাজার ৭৮৭ কোটি টাকা। বিপরীতে ভর্তুকি দিতে হয়েছে ১৪ হাজার ৬০০ কোটি টাকা।
আমদানির অর্থ পরিশোধে ডলারের চাহিদা বাড়ার পাশাপাশি জ্বালানির ব্যয় বৃদ্ধির প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনেও। এর চাপ গিয়ে পড়ছে গ্রাহক পর্যায়ে। গত জুনে বিদ্যুতের বিল ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মিলন শেখ বলেন, বিদ্যুৎ বিল বাড়ার প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্য ও অন্যান্য সেবার দামেও পড়ছে। আয় না বাড়লেও ব্যয় বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যানশিয়াল অ্যানালিসিসের (আইইইএফএ) বাংলাদেশবিষয়ক প্রধান জ্বালানি বিশেষজ্ঞ শফিকুল আলম বলেন, এলএনজির দামের ওঠানামা বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের জ্বালানি ব্যয় ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। অব্যবহৃত গ্যাসসম্পদ কাজে লাগানো, জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ করা গেলে বাংলাদেশ বেশি লাভবান হবে।
অন্যদিকে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা, বাজারের অনিয়ম ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি।