প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক আলোচনা, স্ক্রিনিং কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (এসজেডএমসি) এলামনাই অ্যাসোসিয়েশন এর আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ও এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সহকারী অধ্যাপক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু। শুরুতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতাবিষয়ক ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। এরপর মেডিকেল কলেজের আবাসিক সার্জন ডা. শরীফ সুলতান মাহবুব ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব নিয়ে উপস্থাপনা দেন।
ডা. বিটু বলেন, প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বাড়ে। তাই নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্ক্রিনিংয়ে সচেতন হতে হবে। তিনি নিয়মিত খেলাধুলা, শারীরিক পরিশ্রম, সুষম খাদ্যাভ্যাস ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর জন্মদিনের আনন্দকে জনকল্যাণমূলক কাজে অর্থবহ করতে সবাইকে এগিয়ে আসতেও বলেন তিনি।
-6b02e9900ba86.jpg)
অনুষ্ঠানে কলেজের নারী শিক্ষার্থীদের ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করা হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক এ কার্যক্রম পরিচালনা করেন। শিক্ষার্থীরা চিকিৎসকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ও স্বাস্থ্যসেবা সম্পর্কে পরামর্শ নেন।
ডা. সাজ্জাদ হোসেন রুমনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও রংপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. জহুরুল হক। অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি। এ ছাড়া বক্তব্য দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান ও সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামানসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানের শেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরে ডা. বিটু স্থানীয় নেতাদের নিয়ে গাবতলীর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিষ্ঠান ‘ছোঁয়া একাডেমি’ ও সেবামূলক প্রতিষ্ঠান ‘তোমাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট’ পরিদর্শন করেন।