বিদেশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতা বাড়াল সরকার
নতুন আদেশে মিশনগুলোর অবস্থান ও শিক্ষা ব্যয়ের পার্থক্য বিবেচনায় নিয়ে চারটি গ্রুপে শিক্ষাভাতার সীমা নির্ধারণ করা হয়েছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম
ছবি: সংগৃহীত
বিদেশে বাংলাদেশের ৮৪টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতা বাড়িয়েছে সরকার। মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য সর্বনিম্ন ২০ হাজার ৫০০ ডলার থেকে সর্বোচ্চ ৩৮ হাজার ডলার পর্যন্ত ভাতা নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার ডলার বা ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা শিক্ষাভাতা পাওয়া যাবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-২ শাখার উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি বছরের ২০ এপ্রিলের একটি চিঠির পরিপ্রেক্ষিতে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন আদেশে মিশনগুলোর অবস্থান ও শিক্ষা ব্যয়ের পার্থক্য বিবেচনায় নিয়ে চারটি গ্রুপে শিক্ষাভাতার সীমা নির্ধারণ করা হয়েছে। এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের জন্য কিছু গ্রুপে আলাদা এবং কিছু গ্রুপে একই সীমা রাখা হয়েছে।
গ্রুপ ‘ক’: সর্বোচ্চ ৩৮ হাজার ডলার
গ্রুপ ‘ক’-এর ১৫টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সবচেয়ে বেশি শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে। এসব মিশনে এ-লেভেল পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার বা ৪৩ লাখ ৬০ হাজার ৩০০ টাকা দেওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ৩৮ হাজার ডলার বা ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে।
এই গ্রুপে রয়েছে চীনের বেইজিং ও হংকং, দক্ষিণ কোরিয়ার সিউল, জাপানের টোকিও, ইন্দোনেশিয়ার জাকার্তা, কাতারের দোহা, বেলজিয়ামের ব্রাসেলস, সুইজারল্যান্ডের জেনেভা, নেদারল্যান্ডসের হেগ, সুইডেনের স্টকহোম, পোল্যান্ডের ওয়ারশ, অস্ট্রিয়ার ভিয়েনা, ইতালির মিলান, ফ্রান্সের প্যারিস এবং রাশিয়ার মস্কোর বাংলাদেশ মিশন।
গ্রুপ ‘খ’: দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার
গ্রুপ ‘খ’-এর ৪১টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক—উভয় পর্যায়ে একই হারে শিক্ষাভাতা দেওয়া হবে। একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার বা ৩৯ লাখ ৮৬ হাজার ৫৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, নিউজিল্যান্ডের ওয়েলিংটন, থাইল্যান্ডের ব্যাংকক, মিয়ানমারের ইয়াঙ্গুন ও সিট্যুয়ে, মালয়েশিয়ার কুয়ালালামপুর, নেপালের কাঠমান্ডু, ভুটানের থিম্পু, ভারতের মুম্বাই ও নয়াদিল্লি, পাকিস্তানের করাচি ও ইসলামাবাদ, জর্ডানের আম্মান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, কুয়েত সিটি, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, ইরাকের বাগদাদ এবং সুদানের খার্তুম।
এ ছাড়া ইথিওপিয়ার আদ্দিস আবাবা, নাইজেরিয়ার আবুজা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, স্পেনের মাদ্রিদ, ইতালির রোম, রোমানিয়ার বুখারেস্ট, তুরস্কের ইস্তাম্বুল ও আংকারা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেস, কানাডার অটোয়া ও টরন্টো, মেক্সিকোর মেক্সিকো সিটি এবং ব্রাজিলের ব্রাসিলিয়ার বাংলাদেশ মিশনও এ গ্রুপে রয়েছে। একই সঙ্গে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং জেদ্দায় ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনও এই তালিকায় অন্তর্ভুক্ত।
গ্রুপ ‘গ’: দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার
গ্রুপ ‘গ’-এর ১৯টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একই হারে শিক্ষাভাতা দেওয়া হবে। একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার বা ৩৪ লাখ ৮৮ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই গ্রুপে রয়েছে সিঙ্গাপুরের সিঙ্গাপুর সিটি, ভিয়েতনামের হ্যানয়, ফিলিপাইনের ম্যানিলা, ব্রুনাইয়ের বন্দরসেরি বেগাওয়ান, ভারতের চেন্নাই, মালদ্বীপের মালে, লেবাননের বৈরুত, বাহরাইনের মানামা, মিসরের কায়রো, ইরানের তেহরান, কেনিয়ার নাইরোবি, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া, আলজেরিয়ার আলজিয়ার্স, লিবিয়ার ত্রিপোলি, সিয়েরা লিওনের ফ্রিটাউন, গ্রিসের এথেন্স, ডেনমার্কের কোপেনহেগেন, জার্মানির বার্লিন এবং পর্তুগালের লিসবনের বাংলাদেশ মিশন।
গ্রুপ ‘ঘ’: দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার
গ্রুপ ‘ঘ’-এর নয়টি মিশনে তুলনামূলক কম শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে। এসব মিশনে এ-লেভেল পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২০ হাজার ৫০০ ডলার বা ২৫ লাখ ৫৩ হাজার ৮৯০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই গ্রুপে রয়েছে চীনের কুনমিং, শ্রীলঙ্কার কলম্বো, ভারতের কলকাতা, গৌহাটি ও আগরতলা, উজবেকিস্তানের তাসখন্দ, ওমানের মাস্কাট, মরক্কোর রাবাত এবং মরিশাসের পোর্ট লুইসের বাংলাদেশ মিশন।
শিক্ষাভাতা পাওয়ার ক্ষেত্রে যেসব শর্ত
শিক্ষাভাতার অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রজ্ঞাপনে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে সন্তানের পড়াশোনার প্রকৃত ব্যয়ের ১৫ শতাংশ সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে। বাকি ৮৫ শতাংশ সরকার নির্ধারিত সীমার মধ্যে শিক্ষাভাতা হিসেবে দেবে। তবে সরকারের দেওয়া ভাতার পরিমাণ কোনোভাবেই সংশ্লিষ্ট গ্রুপের নির্ধারিত সীমা অতিক্রম করতে পারবে না।
একই সময়ে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, কোনো কর্মকর্তা বা কর্মচারীর দুইয়ের বেশি সন্তান থাকলেও একসঙ্গে সর্বোচ্চ দুই সন্তানের শিক্ষার জন্যই ভাতা প্রযোজ্য হবে।
শিক্ষাভাতার অর্থ কোনো অবস্থাতেই কর্মকর্তা বা কর্মচারীর নিজস্ব ব্যাংক হিসাবে দেওয়া যাবে না। ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অন্য কোনো ডিজিটাল পদ্ধতিতে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অর্থ পাঠাতে হবে।
তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণ ফি একসঙ্গে পরিশোধের বাধ্যবাধকতা থাকলে উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি কর্মকর্তা বা কর্মচারীর ব্যক্তিগত অংশের ১৫ শতাংশ মিশনের নির্ধারিত হিসাব বা সংশ্লিষ্ট হিসাব কোডে জমা দেওয়ার শর্তে মিশন কর্তৃপক্ষ পুরো ফি পরিশোধ করতে পারবে।
এ ছাড়া যেসব অ-ইংরেজিভাষী দেশে মাধ্যমিক বা উচ্চশিক্ষা পর্যায়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনার পর্যাপ্ত সুযোগ নেই, সেসব দেশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলের দেশ বাদ দিয়ে অন্য কোনো ইংরেজিভাষী দেশে সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করলে শিক্ষাভাতা পাবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা যে বাংলাদেশ মিশনে কর্মরত, সেই মিশনের জন্য অনুমোদিত সীমা অনুযায়ী ভাতা নির্ধারিত হবে।