EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতি বাধাগ্রস্ত হচ্ছে: ওয়াহিদউদ্দিন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতি বাধাগ্রস্ত হচ্ছে: ওয়াহিদউদ্দিন

ওয়াহিদউদ্দিন মাহমুদ

অ অ

ঘনঘন রাজনৈতিক অস্থিরতা ও শাসনব্যবস্থার পরিবর্তনের কারণে দেশের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের পথে বড় বাধা। স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটি টেকসই শাসনব্যবস্থা গড়ে ওঠেনি।

শনিবার (২১ নভেম্বর) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন। তিনি মনে করেন, একটি কার্যকর গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ বর্তমানের চেয়ে আরও উন্নতি করতে পারবে।

তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণ একটি জাতীয় ইস্যু। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। চ্যালেঞ্জগুলোকে সম্ভাবনায় রূপ দিতে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি দুর্নীতি ও আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা কমিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, কিছুদিন পরপর রাজনৈতিক বিপর্যয় ঘটলে উদ্যোক্তারা স্বস্তি পান না। এতে অর্থনীতি ঠিকমতো এগোতে পারে না। টেকসই শাসনব্যবস্থা গড়ে তুলতে পারলে এলডিসি উত্তরণের সম্ভাবনাও কাজে লাগানো সম্ভব হবে।

তৈরি পোশাক খাতের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টিকে জাতীয় সমস্যা হিসেবে দেখতে হবে। মালিক ও শ্রমিক—উভয় পক্ষই সমস্যার মধ্যে রয়েছে। স্বচ্ছতার সঙ্গে আলোচনা করলে এ সমস্যার সমাধান সম্ভব। শিল্পটি টিকে না থাকলে শ্রমিকরাও সংকটে পড়বেন—এ বিষয়টি তাঁদের বুঝতে হবে।


জাতীয় জীবনে সুস্থ বিতর্কের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভাজন ও বিরোধ বেড়েছে। এ পরিস্থিতি কমাতে হলে বিপক্ষের যুক্তিও শুনতে হবে। সমাজকে যুক্তিবাদী হতে হবে এবং সবার মতামতকে মর্যাদা দিতে হবে।

অনুষ্ঠানে ‘বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ বিষয়ে ‘ছায়া সংসদ’ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি দল। প্রতিযোগিতায় অংশ নেয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি দল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

আরও পড়ুন