ফটিকছড়িতে যুবদলের মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা
আহত ৫, ভাঙচুর ১৫টি মোটরসাইকেল, ৩টিতে আগুন
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম
চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদল-ছাত্রদলের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। এ ছাড়া তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে যুবদল-ছাত্রদলের কর্মী আজিজ, হোসেন মঞ্জু, আকিব, ইয়ামিনি ও বখতিয়ারের নাম জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কিপাইত নগর এলাকার শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এদিকে, হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা জড়ো হয়ে স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়ির সামনে বিক্ষোভ করেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।