মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:২০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা সাহস ও আত্মত্যাগের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সেই দেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করাই সরকারের অঙ্গীকার। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে।
শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাব পেয়েছেন। তবে এসব খেতাবের চেয়েও বড় অর্জন হলো স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা জাতির কাছে অনন্য ও অসাধারণ।
তিনি আরও বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং আহত ও পঙ্গুত্ববরণকারী মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তারেক রহমান বলেন, তাদের সম্মানিত করার মাধ্যমে রাষ্ট্র সেই দায়িত্ব পালনের চেষ্টা করছে।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের গৌরব ও সাফল্য তাকেও গর্বিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়।
এর আগে সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
