EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মহাসড়কে দেলোয়ারের চাঁদার সাম্রাজ্য, মাসে আয় ২০ লাখ টাকা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

মহাসড়কে দেলোয়ারের চাঁদার সাম্রাজ্য, মাসে আয় ২০ লাখ টাকা

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার। ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ৩০০ ফিট সড়কে চলাচলকারী বিভিন্ন ধরণের যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে গুলশান ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ারের বিরুদ্ধে। অনুসন্ধানে কুড়িল ও ৩০০ ফিট সড়কে বিভিন্ন যানবাহন থেকে মাসে প্রায় ১৯ থেকে ২০ লাখ টাকা চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে।

টিআই দেলোয়ারের নির্ধারিত লোকজনের মাধ্যমে মাসোহারা দিয়ে অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহন সড়কে চলাচল করছে। টাকা না দিলে চালকদের মামলা, গাড়ি জব্দ ও নানা ধরনের হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ উঠেছে।

একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।

চালক ও মালিকদের অভিযোগ, নির্ধারিত মাসিক চাঁদা না দিলেই দেওয়া হতো মিথ্যা মামলা ও নানা হয়রানি। এমনকি একটি ড্রাম ট্রাক কোম্পানি থেকে টিআই দেলোয়ারের ব্যক্তিগত বিকাশ নম্বরেও চাঁদার টাকা পাঠানোর প্রমাণ পাওয়া গেছে।

কুড়িল থেকে অনুমোদনহীন অটোরিকশা চলাচল

কুড়িল থেকে চলাচলকারী প্রায় ৪০০ সিএনজিচালিত অটোরিকশার অধিকাংশের ঢাকা মহানগরে চলাচলের অনুমতি নেই। অথচ মাসে তিন হাজার টাকা করে দিয়ে এসব গাড়ি নির্বিঘ্নে চলাচলের অভিযোগ এসেছে।

চালকরা জানিয়েছেন, টিআই দেলোয়ারের সঙ্গে চুক্তি থাকলে পুলিশ গাড়ি আটকায় না। এ জন্য গাড়িতে দেওয়া হয় বিশেষ স্টিকার।

স্টিকার বাণিজ্য

স্টিকার না থাকলে বিভিন্ন মোড়ে পুলিশি জেরার মুখোমুখি হওয়ার অভিযোগ এসেছে। এমনকি গাড়ি ডাম্পিংয়েও পাঠানো হয়। এক চালক জানান, অনুমোদনহীন গাড়ি চালাতে মাসিক টাকা দিতে হয়। অন্য এক চালক পুলিশের সঙ্গে চুক্তির প্রমাণ হিসেবে ব্যবহৃত স্টিকার দেখান। এছাড়া অনুসন্ধান চলাকালে স্টিকার পরিবর্তনের তথ্যও পাওয়া যায়।

তাদের অভিযোগ, লাইনম্যানদের মাধ্যমে এসব টাকা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়। শুধু সিএনজি নয়, ৩০০ ফিট সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলও নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে দেলোয়ারের বিরুদ্ধে।

পূর্বাচলের নীলা মার্কেট থেকে কুড়িলগামী এক চালক জানান, মাসিক চুক্তিতে না থাকায় তিনি ওই রুটে গাড়ি চালাতে চান না। গাড়ি নিয়ে গেলে আটক ও ডাম্পিংয়ের ঝুঁকি রয়েছে। অথচ টাকা দেওয়া গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করে।

গাড়ির যত সমস্যা, চাঁদার পরিমাণ তত বেশি

প্রাইভেট কার থেকেও চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কুড়িল বিশ্বরোডের একটি স্ট্যান্ডের চালকদের ভাষ্য, গাড়িপ্রতি মাসে দুই হাজার টাকা দিতে হয়। এ ক্ষেত্রে লাইনম্যান কাউসার টাকা সংগ্রহ করে দেলোয়ার ও স্থানীয় নেতাদের কাছে পৌঁছে দেন।

গাড়ির কাগজপত্রে সমস্যা থাকলে চাঁদার পরিমাণ আরও বাড়ে।

বাদ যায় না কোনো গাড়ি

৩০০ ফিট সড়কে চলাচলকারী বাস, ড্রাম ট্রাক, মিক্সার ট্রাক ও কাভার্ড ভ্যান থেকেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। চালকদের দাবি, দিনের বেলায় রাজধানীতে চলাচলের অনুমতি না থাকা মাটি ও পাথরবোঝাই ট্রাকও মাসিক চুক্তির কারণে পুলিশের চেকপোস্ট পার হয়ে যায়।

কোনো পুলিশ সদস্য আটক করলে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম বললে ছেড়ে দেওয়া হয়। বিভিন্ন রেডিমিক্স কোম্পানির গাড়ি থেকেও মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে চাঁদা আদায়ের হিসাবে উঠে আসে, প্রায় ২০০ সিএনজি থেকে মাসে ছয় লাখ টাকা, ১৫০ প্রাইভেট কার থেকে তিন লাখ টাকা এবং ব্যাটারিচালিত অটোরিকশার লাইনম্যানদের কাছ থেকে মাসে প্রায় দুই লাখ টাকা আদায় করা হয়।

এ ছাড়া মিক্সার ও ড্রাম ট্রাক কোম্পানি থেকে প্রায় চার লাখ, কাভার্ড ভ্যান কোম্পানি থেকে আড়াই লাখ এবং বাস কোম্পানিগুলো থেকে প্রায় এক লাখ টাকা আসে বলে দাবি করা হয়েছে। পিকআপ স্ট্যান্ড, দেওয়ান পরিবহন ও বিআরটিসি থেকেও পার্কিংয়ের নামে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

প্রভাব বিস্তার শুরু আওয়ামী আমল থেকে 

অনুসন্ধানে আরও বলা হয়, গত ৫ সেপ্টেম্বর দেলোয়ারকে মহাখালী জোনে বদলি করা হলেও দুই দিনের মাথায় তাকে আবার কুড়িলে বহাল রাখা হয়। বদলি ঠেকাতে তিনি প্রভাব খাটিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এর আগে স্থানীয় চালকদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলেও কুড়িল এলাকায় তার নিয়ন্ত্রণ ছিল।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অনুসন্ধানী দল টিআই দেলোয়ারের সঙ্গে যোগাযোগ করে। প্রথমে তিনি কার্যালয়ে সাক্ষাৎকার দিতে বললেও পরে এড়িয়ে যান। তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আপনার কাছে কোনো প্রমাণ থাকলে ইউ ক্যান পাবলিশ।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

আরও পড়ুন