নানা কর্মসূচিতে আজ উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত আক্রমণের সূচনাকে স্মরণ করে প্রতিবছর দিনটি পালন করা হয়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৭ এএম
ফাইল ছবি
যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটিতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত আক্রমণের সূচনাকে স্মরণ করে প্রতিবছর দিনটি পালন করা হয়।
আইএসপিআর জানায়, মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এ ছাড়া তিন বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এ ছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরাও অংশ নেবেন।
দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো শনিবার দুপুর ২টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য নিকটস্থ ঘাটে নোঙর করে রাখা হবে।
-6b0004d6896e8.jpg)