আওয়ামী সন্ত্রাসীদের মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একটা বিলাইও (বিড়াল) কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়, এদের এমন অবস্থা হয়েছে, জয় বাংলা বলেই দৌড়, আর খোঁজ মিলে না কোনোখানে
ডেইলি সান রিপোর্ট, সিলেট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম
সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা বাংলাদেশের মানুষ ও সরকার জানে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দেশে সন্ত্রাসী ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোনো স্থান নেই। প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সহ্য করার চর্চা করি। কিন্তু আমাদের যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হয়, অবশ্যই নেব। বাংলাদেশে সন্ত্রাসী এবং আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সরকার কঠোরভাবেই এদের বিরুদ্ধে অবস্থান নেবে।’
পালিয়ে যাওয়া ব্যক্তিদের প্রসঙ্গে তিনি বলেন, ‘পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না, কখনো ফিরতে পারবে না।’
নিজ বাসভবনে অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ তুলে হুমায়ুন কবির বলেন, তাঁর বাসায় আগুন দিয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে গেছে। এ প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, ‘জয় বাংলা’ এখন জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে।
তিনি বলেন, ‘আমার বাসায় ভোর ৫টায় আগুন দিয়ে দৌড় মারছে। দেখেন, একটা বিলাইও (বিড়াল) কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের এমন অবস্থা হয়েছে, জয় বাংলা বলেই দৌড়, আর খোঁজ মিলে না কোনোখানে।’
বাসার সামনে অগ্নিসংযোগের ঘটনার পর রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। কারণ, অনেক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী তাঁর বাসায় এসেছেন। সবাইকে একসঙ্গে আমন্ত্রণ জানানোর সুযোগ না হলেও এদিন তাঁদের উপস্থিতিতে তিনি কৃতজ্ঞ।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে হুমায়ুন কবির বলেন, জননন্দিত নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্ব আরও উজ্জ্বল হচ্ছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসছে এবং একটি কার্যকর শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। এসব অগ্রগতি দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী উদ্বিগ্ন হয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। তবে এসব করে তারা শেষ পর্যন্ত বিলীন হয়ে যাবে। বাংলাদেশের মানুষ সামনে এগিয়ে যাচ্ছে এবং এ ধরনের কর্মকাণ্ড আর সহ্য করবে না।