EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী
অ অ

২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।

আগামীকাল শনিবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমানবাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর ইতিহাসেও দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

সশস্ত্র বাহিনীর প্রশংসা করে তারেক রহমান বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য ও সংকল্পবদ্ধ শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির একটি গর্বিত প্রতিষ্ঠান। ১৯৭১ সালের রণাঙ্গনে এ বাহিনীর অসীম সাহসিকতার ভূমিকা ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন।

তিনি আরও বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যদের অবদান বিশ্বদরবারে প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা এ বাহিনীকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও আধুনিক বাহিনীতে পরিণত করেছিলেন। তিনি এ বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার হিসেবে গড়ে তোলেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল।

তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।

সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য এ বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সবশেষে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

আরও পড়ুন