বরগুনায় ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, বরগুনা
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম
বরগুনা পৌর শহরে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ সফিকুল ইসলাম নাজমুল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত বরগুনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সদর রোডে এ অভিযান চালানো হয়। নদীবন্দরের সামনে মৌবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উত্তর পাশের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজমুল বরগুনার বেতাগী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা এলাকার বাসিন্দা।
ডিএনসি সূত্র জানায়, অভিযানে একটি বাজারের ব্যাগের ভেতর নীল পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুই কেজি গাঁজা পাওয়া যায়। এ ছাড়া মাদক কারবারে ব্যবহৃত একটি আইটেল ও একটি নকিয়া মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ গাঁজার আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা।
এ ঘটনায় নাজমুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বরগুনা সদর থানায় মামলা হয়েছে।
বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হামিমুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান চলবে।