গোপালগঞ্জে হাসপাতালে আগুন দেওয়া ‘যুদ্ধাপরাধ’: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম
গোপালগঞ্জের একটি হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন ও ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে রামদা ও কুড়াল নিয়ে মহড়া দিয়ে হাসপাতালে আগুন দেওয়ার অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সুজাউদ্দৌলা লেখেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম কোথায় গিয়ে ঠেকেছে! গাজার মতো যুদ্ধাঙ্গনে হাসপাতালে হামলা করতে দেখেছি, আওয়ামী লীগ কি সেই দিকে যেতে চাইছে? তবে এটাকে কিন্তু যুদ্ধাপরাধ হিসেবে ধরা হয়। সুতরাং তারা সে অপরাধ করে ফেলেছে অলরেডি।’
আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলা নির্দিষ্ট শর্তে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনে হাসপাতাল, চিকিৎসাকর্মী, রোগী ও আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষার বিধান রাখা হয়েছে। ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলেও চিকিৎসাপ্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির ৮ অনুচ্ছেদে নির্দিষ্ট শর্তে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পোস্টে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আরও উল্লেখ করেন, হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত গুরুতর। এ ধরনের ঘটনায় রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জীবন ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে নিরপেক্ষ তদন্ত এবং প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।