কলকাতা-শিলিগুড়িতে ৩০ নভেম্বরের পর ভিসা আবেদন জমা বন্ধ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের কলকাতা ও শিলিগুড়িতে ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ পরিচালিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ৩০ নভেম্বরের পর আর ভিসার আবেদন জমা দেওয়া যাবে না। এ বিষয়ে আবেদনকারীদের সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন।
বাংলাদেশ সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির ভিসা আউটসোর্সিং চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং সরকার তা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিইউ ডিজিটাল গ্লোবালের সঙ্গে চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর ২০২৬ শেষ হবে। এর পর প্রতিষ্ঠানটির পরিচালিত কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্র দুটি নির্দিষ্ট ঠিকানায় আর কার্যক্রম চালাবে না। তাই সব ধরনের ভিসাপ্রত্যাশীকে ওই তারিখের পর এসব কেন্দ্রে আবেদন জমা না দিতে অনুরোধ করা হয়েছে।
নতুন ভিসা আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।